আজকের আবহাওয়া
Copy Link-->প্রকাশিত: ১০:১১, ১৩ অক্টোবর ২০২৬
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় দেওয়া ৫ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর ১টা পর্যন্ত দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫-১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
