প্রতিনিধি, সুনামগঞ্জ · ২২ অক্টোবর, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক ব্যক্তিকে মানব পাচারে জড়িত থাকার অভিযোগে এবং দুই বাংলাদেশি নাগরিকসহ মোট তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পাচার চক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকায় সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মো. আমির, যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা।
বিজিবি জানায়, আটক দুই বাংলাদেশি নাগরিকের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পাঠানোর সঙ্গে জড়িত। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মানব পাচার চক্রের আরও দুই সদস্য হিসেবে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিনের নাম জানিয়েছে বিজিবি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে আটক পাচারকারী মো. আমির এবং পাচারের শিকার দুই বাংলাদেশিকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া পাচারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
