ই-সিগারেট বা ভেপিংয়ের মাত্রাতিরিক্ত অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের ধরন চিরতরে বদলে গেছে বলে জানিয়েছেন বিশ্বখ্যাত মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ।
সম্প্রতি ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওবার্তায় নিকোটিনের ক্ষতিকর প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ভক্তদের এই বিষয়ে সতর্ক করেন ৩৪ বছর বয়সী এই তারকা।
ভিডিওতে সেলেনা জানান, প্রচুর পরিমাণে ভেপ করার কারণে তাঁর গলার স্বর আর আগের মতো ঠিক করা সম্ভব নয়। নিকোটিনের এই আসক্তি থেকে বেরিয়ে আসা বেশ কঠিন উল্লেখ করে তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, যারা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন, এটি সম্পূর্ণ বোকামি এবং এটি মোটেও ভালো কোনো জিনিস নয়।
তবে তাঁর কণ্ঠস্বর পরিবর্তনের পেছনে তাঁর দীর্ঘদিনের অটোইমিউন রোগ 'লুপাস'-এর কোনো প্রভাব রয়েছে কি না, তা নিশ্চিত নয়। ২০১৭ সালে কিডনি প্রতিস্থাপন করা এই তারকা এর আগেও নিজের স্বাস্থ্যগত জটিলতা ও লুপাস নিয়ে খোলামেলা কথা বলেছিলেন।
