মানবসেবাই আসল ধর্ম বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, কুমুদিনী কমপ্লেক্স একটি অনন্য জায়গা। এখানে এসে যা দেখেছি, তা এক ইতিহাস। যুগ যুগ ধরে প্রতিষ্ঠানটি মানুষের সেবা দিয়ে যাচ্ছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দিনেশ ত্রিবেদী বলেন, শুনেছি, কুমুদিনী কমপ্লেক্স তৃতীয় প্রজন্মের হাতে পরিচালিত হচ্ছে। তারা সবকিছু খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছেন। হাসপাতালটিও অনেক বড়। যুগ যুগ ধরে তারা সেবা দিয়ে যাচ্ছেন।
দুর্গাপূজার পরিবেশ সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, পূজার সময় এক ধরনের বিশেষ পরিবেশ তৈরি হয়, যা সব সময় দেখা যায় না। এ রকম পরিবেশ যেন সব সময় বজায় থাকে, সেই কামনা করেন তিনি।
এর আগে বিকালে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান ভারতীয় হাইকমিশনার। সেখানে কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্র শেষে নৌকায় লৌহজং নদী পেরিয়ে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়িতে যান তিনি।
এ সময় তাকে অভ্যর্থনা জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও মহাবীর পতি চন্দন, ভারতেশ্বরী হোমসের অধ্যক্ষ মন্দিরা চৌধুরী এবং কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও উপপরিচালক অনিমেষ ভৌমিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।