খাগড়াছড়ি সদর উপজেলায় এসএসসি-২০২৬ পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও একাদশ শ্রেণির পাঠ্যবই বিতরণ করেছে স্থানীয় সংগঠন ‘হামরনাই বন্থা’।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও নুনছড়ি মৌজার হেডম্যান ক্ষেত্র মোহন রোয়াজা।
প্রধান অতিথির বক্তব্যে ক্ষেত্র মোহন রোয়াজা বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন সোজা হয়ে দাঁড়াতে পারে না, তেমনি শিক্ষা ছাড়া জাতিও এগিয়ে যেতে পারে না। তাই শিক্ষার মাধ্যমে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন ও সমাজের পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। সমালোচনার পরিবর্তে একে অপরকে সহযোগিতা করার মানসিকতা গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
‘হামরনাই বন্থা’র সভাপতি মিলন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি দিগন্ত ত্রিপুরা। সাধারণ সম্পাদক মনিকা রোয়াজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য ও পাড়া কার্বারি গৌরিমালা ত্রিপুরা, ওয়ার্ড সদস্য বিজয় রোয়াজা, বিটিকেএসের খাগড়াছড়ি ইউনিয়ন উপ-আঞ্চলিক শাখার সভাপতি বিপ্লব ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর ত্রিপুরা, হামরনাই বন্থার প্রতিষ্ঠাতা সভাপতি দিগন্ত প্রসাদ ত্রিপুরা এবং ঠাকুরছড়া জাগরণ পাঠাগারের সভাপতি প্রজ্জ্বলময় রোয়াজা।
এ ছাড়া ঠাকুরছড়া উচ্চবিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি বরুণ ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের ধৈর্য, অধ্যবসায় ও লক্ষ্য স্থির রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার পাশাপাশি আত্মবিশ্বাস ও পরিশ্রমের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে সংগঠনটির সাংগঠনিক কর্মএলাকা থেকে মোট ৩০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অনুষ্ঠানে তাঁদের মধ্যে তিনজনের হাতে আনুষ্ঠানিকভাবে একাদশ শ্রেণির পাঠ্যবই তুলে দেওয়া হয়। অন্য শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে বই দেওয়ার কথা জানান আয়োজকেরা।
সংগঠন সূত্রে জানা যায়, ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে খাগড়াছড়ি সদর উপজেলার জিরো মাইল থেকে নুনছড়ি এলাকার ত্রিপুরা জনগোষ্ঠীর এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে হামরনাই বন্থা। এর ধারাবাহিকতায় এবারও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বই বিতরণের আয়োজন করা হয়। পাশাপাশি সংগঠনের কর্মএলাকা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদেরও উপহার হিসেবে বই দেওয়া হয়।

