প্রতীকী ছবি।ছবি সৌজন্য়ে: X
Published on
:
1 min read
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিজের শহর সেন্ট পিটার্সবার্গে বড়সড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রবিবারের এই হামলায় ওই শহরের তেল রপ্তানি টার্মিনাল, তেলের ডিপো এবং একাধিক শিল্প পরিকাঠামোয় আগুন লাগার খবর মিলেছে। রুশ কর্তৃপক্ষের দাবি, হামলায় অন্তত এক জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও কয়েক জন। গত চার বছরের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সেন্ট পিটার্সবার্গের গভর্নর আলেকজান্ডার বেগলভ জানিয়েছেন, শহরের তেল টার্মিনাল এবং তেলের ডিপোয় আগুন নেভানোর কাজ চালাচ্ছেন দমকলকর্মীরা। কলপিনো এলাকার শিল্প গুদামেও আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। কয়েকটি আবাসনও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের দাবি।
হামলার জেরে সেন্ট পিটার্সবার্গের প্রধান বিমানবন্দরে বিমান চলাচলও সাময়িক ভাবে ব্যাহত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, রাতভর দেশের বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ১,০১৫টি ড্রোন নিষ্ক্রিয় করা হয়েছে।
Video posted on social media shows multiple explosions and fires around the port of St Petersburg, Russia after a suspected Ukrainian drone swarm. Witnesses say an oil terminal and data centre were hit in the attack. pic.twitter.com/aQAowx1DJN
— Al Jazeera English (@AJEnglish) October 18, 2026
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘিরে প্রশ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে জ্বালানি পরিকাঠামোয় হামলা বন্ধ রাখার যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু দু’পক্ষের হামলা অব্যাহত থাকায় সেই উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্য, রাশিয়া ইউক্রেনের জ্বালানি পরিকাঠামোয় হামলা চালিয়ে যাচ্ছে। সেই কারণেই রুশ তেল পরিকাঠামোয় হামলা আবার শুরু করেছে কিয়েভ। ফিনানশিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, একতরফা ভাবে ঘোষিত ‘জ্বালানি যুদ্ধবিরতি’ নিয়ে ইউক্রেন আর এগোতে রাজি নয়।
ইউক্রেনেও রুশ হামলা
এ দিকে জেলেনস্কির দাবি, রাতভর রুশ হামলায় ইউক্রেনে দু’জনের মৃত্যু হয়েছে এবং ১২ জন আহত হয়েছেন। ফলে ট্রাম্পের যুদ্ধবিরতির উদ্যোগ সত্ত্বেও দু’দেশের জ্বালানি ও অন্যান্য পরিকাঠামোকে ঘিরে সংঘাত থামার লক্ষণ নেই।
