পারস্য উপসাগরে ‘বেআইনি’ ও মাইন বিছানো নৌপথে জাহাজ চলাচলে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি সংঘাত ছড়িয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছে তারা। খবর আল জাজিরার।
ইরানের আধা-সরকারি সংবাদসংস্থা তাসনিম নিউজ এজেন্সি প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটনের জেদের কারণে মাইনসমৃদ্ধ নৌপথ দিয়ে বেআইনিভাবে জাহাজ পারাপারের প্রচেষ্টাই সামুদ্রিক দুর্ঘটনার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে।
বিবৃতিতে স্পষ্ট বার্তা দিয়ে আইআরজিসি জানায়, আগ্রাসী মার্কিন বাহিনীকে বুঝতে হবে যে, এই পরিস্থিতি এভাবে চলতে থাকলে সংঘাতের পরিধি এ অঞ্চলের আগ্রাসীদের সামরিক ঘাঁটিগুলো পর্যন্ত বিস্তৃত হবে। এটি একটি গুরুতর সতর্কবার্তা।
এর আগে আইআরজিসি দাবি করে, পারস্য উপসাগরে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরে জড়িত চারটি জাহাজে সরাসরি হামলা চালিয়ে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির পশ্চিমে আরও তিনটি জাহাজ মাইন বিস্ফোরণের শিকার হয়েছে।
পরবর্তীতে ইরানের ফার্স নিউজ জানায়, লক্ষ্যবস্তু করা জাহাজগুলো মার্কিন মালিকানাধীন অথবা যুক্তরাষ্ট্রের পণ্য পরিবহণ করছিল।
ইরান নির্ধারিত বাণিজ্য নীতিমালা লঙ্ঘন করায় এসব জাহাজে সরাসরি আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি।
আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ইরান তাদের প্রতিক্রিয়া শুধু বাণিজ্যিক জাহাজে সীমিত না রেখে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণের দিকে মোড় নেওয়ার এই স্পষ্ট ইঙ্গিত দুই দেশের মধ্যে আবারও সরাসরি সামরিক সংঘাতের ক্ষেত্র প্রস্তুত করছে।
