প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ২:৫৭ পিএম
১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৬-এ নারীদের ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়ে ১৮তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শিরিন আক্তার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় শেষ করেন। ১২.২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর শরিফা খাতুন। আর ১২.৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াত ছেলে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান হয় শুক্রবার বিকেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের সাফল্য প্রসঙ্গে শিরিন আক্তার বলেন, আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন। এছাড়া মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চাই। এ লক্ষ্যে বর্তমানে আমার প্রস্তুতি চলছে।
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২.১০ সেকেন্ড সময় নিয়ে টানা ১৭তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছিলেন শিরিন আক্তার। এবার ১২.০৮ সেকেন্ড সময় নিয়ে নিজের আগের পারফরম্যান্সকে ছাড়িয়ে ১৮তমবারের মতো এই খেতাব অর্জন করলেন তিনি।
শিরিন আক্তারের এই ধারাবাহিক সাফল্য দেশের অ্যাথলেটিকসে তার দীর্ঘদিনের প্রতিযোগিতামূলক সক্ষমতার পরিচয় বহন করে। খেলাধুলার পাশাপাশি উচ্চশিক্ষা ও বিদেশে পিএইচডি করার প্রস্তুতিও চালিয়ে যাচ্ছেন তিনি।
