অনলাইন ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেড কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিক মোজাম্মেল ও তরিকুল আলী আজম জানান, গত ১০ অক্টোবরের আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে বেতন না পাওয়ায় তাঁরা আবারও আন্দোলনে নামেন। তাঁদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। বৃহস্পতিবার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শ্রমিকদের অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। যান চলাচল স্বাভাবিক করা এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও শ্রমিকেরা অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকদের মহাসড়ক ছেড়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ করা হয়েছিল। তাঁরা অবরোধ অব্যাহত রাখায় সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরানো হয়। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে পুলিশ সুপার বলেন, শ্রমিকদের এ অভিযোগ সঠিক নয়।
