মটন বিরিয়ানি, চিকেন চাপ, সঙ্গে শেষপাতে এক বাটি ঠান্ডা ফিরনি! এমন ভোজের পর তৃপ্তির ঢেকুর না তুলে উপায় আছে? পুজোর দিনে বাইরে খাওয়াদাওয়ার পরিকল্পনা তো থাকেই। তবে রেস্তরাঁয় না গিয়েও যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় সুস্বাদু ফিরনি, তা হলে মন্দ কী! উপকরণও তেমন জটিল নয়। কয়েকটি সহজ ধাপ মেনে চললেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই জনপ্রিয় দুধের মিষ্টি।
উপকরণ:
বাসমতি চাল – ৭৫ গ্রাম
দুধ – ১ লিটার
চিনি – ৭৫ গ্রাম
এলাচ – আধ চা চামচ
কেওড়া জল – ১ চা চামচ
কেশর – ১ চা চামচ
লবণ – এক চিমটি
মাটির ভাঁড় – প্রয়োজনমতো
প্রণালী:
প্রথমে বাসমতি চাল ভাল করে ধুয়ে ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তার পর জল ঝরিয়ে চালগুলি মিহি করে গুঁড়িয়ে নিন। একটি পাত্রে চালের গুঁড়ো নিয়ে তাতে এক কাপ দুধ মিশিয়ে মসৃণ মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, যাতে দলা না পাকিয়ে যায়।
এ বার শুকনো কড়াইয়ে এলাচ হালকা ভেজে গুঁড়িয়ে নিন। একটি বড় পাত্রে বাকি দুধ মাঝারি আঁচে গরম করতে দিন। তাতে কেশর মিশিয়ে মিনিট দশেক গরম করুন। এর পর দুধের মধ্যে ধীরে ধীরে চালের গুঁড়ো ও দুধের মিশ্রণ ঢালুন। একটানা নাড়তে থাকুন, যাতে তলায় লেগে না যায় এবং দলা না তৈরি হয়।
দুধ ঘন হতে শুরু করলে চিনি, এলাচের গুঁড়ো এবং এক চিমটি লবণ দিয়ে দিন। এ বার আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। ফিরনি ঘন হয়ে এলে কেওড়া জল মিশিয়ে গ্যাস বন্ধ করে দিন।
এর মধ্যে মাটির ভাঁড়গুলি ভাল করে ধুয়ে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। তার পর জল ঝরিয়ে ভাঁড়ে ফিরনি ঢেলে নিন। ঘরের তাপমাত্রায় কিছুটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিন কয়েক ঘণ্টা। আরও ভাল স্বাদ পেতে পরিবেশনের আগে ভাল করে ঠান্ডা করে নিন।
ব্যস, তৈরি আপনার বাড়িতে বানানো ফিরনি! মাটির ভাঁড়ে পরিবেশন করলে ফিরনির স্বাদ ও গন্ধে যোগ হবে বাড়তি মাত্রা। পুজোর ভোজে বিরিয়ানি আর চাপের পর শেষপাতে এই ঠান্ডা মিষ্টি পরিবেশন করে তাক লাগিয়ে দিন বাড়ির লোকজনকে।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।
