সিলেট ভয়েস ডেস্ক · ১২ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
'পড়াশোনা ও জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। বিশ্বনাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি নৈতিকতা ও যুগোপযোগী জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হতে হবে।'
সোমবার (১২ অক্টোবর) সকালে সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।
কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন স্কলার্সহোমের একাডেমিক কো-অর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, অধ্যবসায় ও শৃঙ্খলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, ভবিষ্যতের স্বপ্ন পূরণে সময়ের যথাযথ ব্যবহার ও কঠোর পরিশ্রমের বিকল্প নেই। এ সময় তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযমী ও সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মুনীর আহমেদ কাদেরী (অব.), স্কলার্সহোম পাঠানটুলা ক্যাম্পাসের উপাধ্যক্ষ মো. আব্দুল আজিজ মিয়া, স্কলার্সহোম মেজরটিলা কলেজের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ নাহিদা খান এবং স্কলার্সহোম প্রিপারেটরি সেকশন পাঠানটুলার উপাধ্যক্ষ জেবুন্নেসা জীবন।
অনুষ্ঠানের প্রথম পর্বে স্বাগত বক্তব্য দেন কলেজ শাখার একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন নবীনবরণ আয়োজক কমিটির আহ্বায়ক প্রভাষক হাসান শাহরিয়ার মজুমদার।
আলোচনা পর্ব পরিচালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক সজিবুর রহমান। দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন প্রভাষক তোফায়েল আহমেদ শিহাব ও প্রভাষক পারমিতা রায়।
গুগলে আমাদের খবর পেতে
