অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, বিচার ও কারাদণ্ডের দাবি জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।
বিজ্ঞাপন
শুক্রবার ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহের সময় ইসরাইলি বসতি স্থাপনকারীরা লেভিন ও কয়েকজন ফিলিস্তিনির ওপর হামলা চালান। এতে ৬৪ বছর বয়সি এই ফটোসাংবাদিক গুরুতর আহত হন।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হাকাবি বলেন, ‘একজন নারী আলোকচিত্রীর ওপর হামলা মুখোশধারী কাপুরুষদের চালানো ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড।’
তিনি আরো লেখেন, ‘নিরস্ত্র সাংবাদিকের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বছরের পর বছর কারাগারে থাকা উচিত।’
এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগে বিচারের দাবি জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহের দৃশ্য ধারণ করছিলেন ওয়াশিংটন পোস্টের সাংবাদিক লেভিন। এ সময় ইসরাইলি বসতি স্থাপনকারীরা সেখানে হামলা চালান। তারা লেভিনকে মারধর করেন এবং তার পাসপোর্ট, মোবাইলফোন, মানিব্যাগ ও ক্যামেরার সরঞ্জাম নিয়ে যান।
হামলাকারীদের হাতে বোতল ও গুলতি ছিল বলে জানা গেছে। লেভিন বলেন, ‘তারা প্রায় ১০ মিনিট ধরে আমাকে লাথি মারছিল। আমি আমার ক্যামেরা ও ব্যাগ আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছিলাম।’
হামলার প্রত্যক্ষদর্শী স্বাধীন সাংবাদিক জ্যাসপার নাথানিয়েল আলজাজিরাকে বলেন, লেভিনের অবস্থা খুবই খারাপ ছিল। তিনি মাটি থেকে ঠিকমতো উঠে দাঁড়াতেও পারছিলেন না।
রামাল্লার উত্তর-পূর্বে আবু ফালাহ এলাকায় হামলার পর লেভিনকে হাসপাতালে নেওয়া হয়। তার মেয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, হামলায় লেভিনের একটি আঙুল প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আঙুলে অস্ত্রোপচার করতে হয়েছে। এ ছাড়া তার একটি পাঁজরের হাড় ভেঙেছে, মেরুদণ্ডের একাধিক হাড় ভেঙেছে এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।
আগামী ২৭ অক্টোবরের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের আগে বসতি স্থাপনপন্থি ডানপন্থি সমর্থকদের পাশে রাখতে চাইছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার তিনি দাবি করেন, লেভিন ও অন্য ফিলিস্তিনিদের ওপর হামলার জন্য ফিলিস্তিনি অথবা ‘চরম বামপন্থি’ কর্মীরা দায়ী হয়ে থাকতে পারেন।
নেতানিয়াহু হামলাকারীদের পরিচয় নিয়ে সন্দেহ তৈরি করার পরও হাকাবি তাদের ইসরাইলি বসতি স্থাপনকারী হিসেবে সরাসরি চিহ্নিত করেননি। তবে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে মার্কিন নাগরিকদের ওপর হামলার ঘটনায় এর আগেও কড়া সমালোচনা করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ইসরাইলে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন।
গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরের তুরমুস আয়া শহরে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের সঙ্গে দেখা করেন হাকাবি। সেখানে তিনি বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলার বিষয়ে স্থানীয়দের অভিজ্ঞতা শোনেন। এর আগে আগস্টে কয়েক দিন ধরে চলা ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি অবরোধকে তিনি ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছিলেন।
তবে শুক্রবারের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তুলনামূলক সতর্ক ভাষায় প্রতিক্রিয়া জানায়। দপ্তরটি বলেছে, ‘যে পক্ষই করুক না কেন, অপরাধমূলক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র।’
এএম
