বাংলা গানের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কণ্ঠে প্রকাশের অপেক্ষায় রয়েছে নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে তৈরি গানটিতে প্রেম, সৌন্দর্য আর মুগ্ধতার অনুভূতি ফুটে উঠেছে লোকজ শব্দের বুননে। এরই মধ্যে গানটির অডিও শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শিগগিরই প্রকাশ পাবে গানটির সংগীতচিত্র।
রোমান্টিক আবহের গানটিতে প্রিয় মানুষের রূপে মুগ্ধ এক প্রেমিকের অনুভূতি প্রকাশ পেয়েছে। গ্রামীণ জীবনের পরিচিত অনুষঙ্গ আর সহজ-সরল কথার মধ্য দিয়ে ফুটে উঠেছে প্রেমের চিরচেনা আবেদন।
গানটির কয়েকটি পঙ্ক্তি এমন-‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
‘খালিদ সংগীত’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে খুব শিগগিরই গানটির সংগীতচিত্র প্রকাশ করা হবে। এরই মধ্যে একই নামের ওয়েবসাইটে গানটির অডিও প্রকাশ করা হয়েছে।
গীতিকবি ও সুরকার মাহবুবুল খালিদ বাংলাদেশের সংগীত ও সাহিত্যাঙ্গনে নিয়মিত সৃষ্টিশীল কাজ করে যাচ্ছেন। তাঁর লেখা গান নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ‘খালিদ সংগীত’ ব্যানারে ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এ পর্যন্ত তাঁর লেখা পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে। এসব গানে কণ্ঠ দিয়েছেন দেশের বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পীরা।
মাহবুবুল খালিদের গানে প্রেম-ভালোবাসার পাশাপাশি উঠে এসেছে সামাজিক অসংগতি, মানবিক সংকট ও আলোচিত নানা ঘটনা। ঢাকার মিরপুরে নির্যাতনের শিকার শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে তিনি লিখেছেন ‘আদুরি’। সীমান্তে ফেলানী হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তাঁর লেখা ‘ফেলানীরে করল গুলি’ গানেও উঠে এসেছে নির্মম বাস্তবতা।
এ ছাড়া মাগুরায় শিশু আছিয়ার ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে তিনি লিখেছেন ‘মাগুরার ফুল’। গানটির মধ্য দিয়ে মানুষের বিবেক ও মানবিকতাকে প্রশ্নের মুখে দাঁড় করানোর চেষ্টা করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘রামিসার বিচার’ শিরোনামেও গান লিখেছেন এই গীতিকবি।
দেশের বিভিন্ন সামাজিক ঘটনার পাশাপাশি আন্তর্জাতিক মানবিক সংকটও মাহবুবুল খালিদের সৃষ্টিতে স্থান পেয়েছে। ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট নিয়ে লেখা তাঁর গানগুলোতে উঠে এসেছে মানবতা, প্রতিবাদ ও সচেতনতার বার্তা।
এবার তাঁর এই বৈচিত্র্যময় সৃষ্টির ভান্ডারে যুক্ত হলো আসিফ আকবরের কণ্ঠে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’। লোকজ কথামালা ও রোমান্টিক আবহের গানটি সংগীতপ্রেমীদের কাছে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিআলো/শিলি