জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার আবাসিক কক্ষ থেকে হাতে লেখা একাধিক চিঠি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া কিছু বার্তা পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ ঘটনায় সাভার থানায় জিডি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং চিঠিতে উল্লিখিত বিভাগের অভিযোগের বিষয়ে তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় তার নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পারেন সহপাঠীরা। পরে তার কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন সহপাঠীরা।এদিকে শিক্ষার্থীর হারিয়ে যাওয়ার ঘটনায় বিভাগের শিক্ষকদের অসহযোগিতার বিষয়টি সামনে আসে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বিজ্ঞপ্তি অনুযায়ী, মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য মেলেনি। মোহাইমিনুল ওই হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী। তার স্থায়ী বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকায়। ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী সহপাঠী মিম বলেন, তার কক্ষে গিয়ে কয়েকটি চিঠি পাই। তারপর থেকে আমরা সবাই মিলে বিভিন্ন জায়গায় তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’ এ বিষয়ে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েম বলেন, খোঁজ নিয়েছি। তার সন্ধানের বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে উদ্ধারের চেষ্টা করছি।’ তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান। তদন্ত কমিটির প্রধান গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মাহবুব কবির, সদস্য হিসেবে আছেন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক হুসাইন মো. সায়েম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক আল আমিন খান, সদস্যসচিব হিসেবে রয়েছেন প্রক্টর অফিসের ডেপুটি রেজিস্ট্রার সোহেল রানা। ৭ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জানানো হয়।