Published on
:
1 min read
কালাজাদু চর্চা করেন মা। তাঁর কালাজাদুর কারণেই গ্রামের এক বাসিন্দার মৃত্যুও হয় বলে অভিযোগ ওঠে। এমনই কুসংস্কার থেকে এক মহিলাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তাঁর ছেলের বিরুদ্ধে। হায়দরাবাদের গত শনিবারের এই ঘটনা সম্প্রতি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মৃত মহিলার নাম কাররে সায়াম্মা (৪০)। এই ঘটনায় অভিযুক্ত ছেলেকাররে দুর্গেশকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সায়াম্মা চাষের খেতে দিনমজুরের কাজ করতেন। তাঁর ছেলে দুর্গেশ হায়দরাবাদে অটোরিকশা চালান। দিন কয়েক আগে হায়দরাবাদ থেকে মেদক জেলায় নিজের বাড়িতে ফিরেছিলেন তিনি। শনিবার সায়াম্মার সঙ্গে দুর্গেশের কথা কাটাকাটি হয় বলেও দাবি পুলিশের। সেই সময়েই অটো থেকে ডিজ়েল বের করে এনে সায়াম্মার গায়ে ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্গেশ।
পুলিশের দাবি, তার মা ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুর চর্চা করতেন বলে দুর্গেশের বিশ্বাস। এমনকী, তাঁর মায়ের কালাজাদু চর্চার কারণেই গ্রামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও মনে করে দুর্গেশ। পুলিশের আরও দাবি, শনিবার এই নিয়েই তাঁদের মধ্যে ঝামেলা হয়। সেই অশান্তির জেরেই অটোরিকশা থেকে ডিজ়েল বের করে নিয়ে এসে মাকে পুড়িয়ে মারে দুর্গেশ।
এই ঘটনার খবর পেয়ে শনিবারই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ইনস্পেকটর রেনুকা এবং সাব-ইনস্পেক্টর অরবিন্দ কুমার জানান, সায়াম্মা যে কালাজাদুর চর্চা করতেন, এমন কোনও প্রমাণ পায়নি পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধৃত দুর্গেশকে জেরা করে ঘটনার তদন্ত করছে পুলিশ।