ক্যানসারের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর জীবনযাপনের পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা জরুরি। এ ক্ষেত্রে প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ফল রাখতে পারেন।
ফলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, উদ্ভিজ্জ উপাদান ও আঁশ শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো রাখতে সহায়তা করে। তবে কোনো একটি ফল খেলেই ক্যানসার প্রতিরোধ করা সম্ভব নয়।
এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নর্থওয়েল হান্টিংটন হাসপাতালের রেডিয়েশন অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক হিদার জিনকিন ‘টুডে ডটকম’কে বলেন, ক্যানসার শনাক্ত হওয়ার পর নয়, বরং রোগ প্রতিরোধের লক্ষ্যেই পুষ্টিকর খাবারের প্রতি গুরুত্ব দেওয়া উচিত।
তার মতে, ফলে থাকা ফ্ল্যাভোনয়েডের মতো উদ্ভিজ্জ উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। পাশাপাশি ফলের আঁশ অন্ত্রের স্বাস্থ্য ও রোগ প্রতিরোধব্যবস্থাকে সহায়তা করে।
যুক্তরাষ্ট্রের আমেরিকান ইনস্টিটিউট ফর ক্যানসার রিসার্চও ক্যানসারের ঝুঁকি কমাতে বৈচিত্র্যময় উদ্ভিজ্জ খাবার খাওয়ার পরামর্শ দেয়।
ক্যানসারের ঝুঁকি কমাতে খাদ্যতালিকায় রাখতে পারেন যেসব ফল—
বেরিজাতীয় ফল: স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি ও রাস্পবেরিতে রয়েছে অ্যান্থোসায়ানিনসহ বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করতে পারে।
আপেল: আপেলের আঁশ ও পলিফেনল অন্ত্রের উপকারী জীবাণুর সঙ্গে মিলে স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সহায়তা করে।
কিউই: ভিটামিন সি ও আঁশসমৃদ্ধ এ ফল কোষের ক্ষতি কমাতে এবং অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সহায়ক।
লেবুজাতীয় ফল: কমলা, জাম্বুরা ও ম্যান্ডারিনে থাকা ভিটামিন সি ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদান স্বাস্থ্যের জন্য উপকারী।
আম: আমে রয়েছে আঁশ, ভিটামিন ও ম্যাঙ্গিফেরিন নামের একটি উদ্ভিজ্জ উপাদান, যার অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে।
চেরি: চেরিতে থাকা উদ্ভিজ্জ রঞ্জক ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে।
তরমুজ: তরমুজে থাকা লাইকোপিন একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। কিছু গবেষণায় তরমুজ খাওয়ার সঙ্গে কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।
আঙুর: আঙুরের খোসা ও বীজে থাকা পলিফেনল নিয়ে ক্যানসার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা বিষয়ে গবেষণা চলছে।
অ্যাভোকাডো: এতে রয়েছে স্বাস্থ্যকর চর্বি, আঁশ ও বিভিন্ন পুষ্টি উপাদান। কিছু গবেষণায় পুরুষদের নির্দিষ্ট কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি কম থাকার সঙ্গে অ্যাভোকাডো খাওয়ার সম্পর্ক পাওয়া গেছে।
বিশেষজ্ঞদের মতে, শুধু একটি বা দুটি ফলের ওপর নির্ভর না করে বিভিন্ন রঙের ফল নিয়মিত খাওয়া ভালো। পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং তামাক এড়িয়ে চলাও ক্যানসারের ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ অংশ।
সূত্র: এনবিসি নিউজ
