গাজীপুরের টঙ্গীর চেরাগআলী মার্কেট এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে দগ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
দগ্ধ ব্যক্তিরা হলেন লালচান (৬৫), নাসিমা (৫০) ও তানিশা (১৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার।
তিনি জানান, বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়ে জরুরি বিভাগে আসেন। তাঁদের মধ্যে লালচানের শরীরের ৯৫ শতাংশ, নাসিমার ৮৫ শতাংশ এবং তানিশার ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
