সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান শহরে হুতি বিদ্রোহীদের হামলায় ছয়জন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) ইয়েমেন সীমান্তবর্তী শহরটির একটি আবাসিক এলাকায় হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। খবর সিবিএস নিউজের।
সংস্থাটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীদের ছোড়া একটি প্রোজেক্টাইল নাজরানের আবাসিক এলাকায় আঘাত হানে। এতে ছয়জন সৌদি নাগরিক আহত হন। এ ছাড়া ৩টি বাড়ি ও ৩টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরব ও বিদ্রোহী গোষ্ঠীটির মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এসব হামলাও বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সৌদি আরবের নাজরান অঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু নিহত হন। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ তথ্য জানান।
তিনি বলেন, এএইচ-৬আই মডেলের হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের আওতাধীন এলাকায় ঘটেছে।
তবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে, ক্ষেপণাস্ত্র ছুড়ে তারা হেলিকপ্টারটি ভূপাতিত করেছে। এ দাবির পক্ষে একটি ভিডিও প্রকাশ করে তারা।
এদিকে ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে সোমবার ৩টি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি সরকারি সামরিক প্রশিক্ষণ শিবিরে অন্তত ২৫ জন সৈন্য নিহত এবং ৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন একজন সরকারি সামরিক কর্মকর্তা।
সূত্র : সিবিএস নিউজ
