স্টাফ রিপোর্টার : সিলেটের কানাইঘাটে সিএনজি অটোরিকশা চালক শাহাব উদ্দিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে স্থানীয় বাসিন্দারা চার সহোদর ও তাদের বাবাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাদের এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ২ নম্বর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মজন আলী ও তার চার ছেলে ইয়াহইয়া, জাকারিয়া, শাহরিয়ার ও কিবরিয়া।
এর আগে বুধবার নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর ১৩(১০)২৬।
এর সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, শাহাব উদ্দিন হত্যা ঘটনায় মামলা হয়েছে। আটক পাঁচজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য- গত মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে যাত্রী তোলার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত শাহাব উদ্দিন (৩০) সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রায় এক মাস আগে গাড়িতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে শাহাব উদ্দিনের বিরোধ দেখা দেয়। এনিয়ে সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে বৈঠকের আগেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
