আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করতে সরকার ও প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী সরকারের এ অবস্থানের কথা তুলে ধরেন।
মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার। নির্বাচন যেন উৎসবমুখর ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্তে সরকার অটল রয়েছে। জুনের মধ্যে সব নির্বাচন শেষ করার লক্ষ্যে আরও তারিখ নির্ধারণের সুযোগ থাকলে তা কাজে লাগাতে নির্বাচন কমিশনকে অনুরোধ করা হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ছয় হাজার কোটি টাকা বাজেট রাখা হয়েছে। অর্থবছরের মধ্যে নির্বাচন সম্পন্ন করা সম্ভব না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে পরবর্তী অর্থবছরে চলে যাবে।
জুনের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নির্বাচন কমিশনই জানাতে পারবে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কমিশনকে বিনয়ের সঙ্গে অনুরোধ জানানো হয়েছে।
বিআলো/শিলি