প্রকাশিত: ০৮:৩৮, ১৯ অক্টোবর ২০২৬ আপডেট: ০৯:৪৮, ১৯ অক্টোবর ২০২৬
গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বুধবার সকালে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লাগে
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ইউনিট-২-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির কারণ জানতে এ কমিটি গঠন করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম এ তথ্য জানান।
তিনি জানান, ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) থেকে কমিটি আনুষ্ঠানিকভাবে তদন্ত কাজ শুরু করবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর বুধবার সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকায় কারখানাটির ইউনিট-২-এ আগুনের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট কাজ করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ওই দিন রাত সাড়ে ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। পরে কারখানাটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
অগ্নিকাণ্ডের পরদিন ১৫ অক্টোবর অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ রাখার নোটিশ দেয় কর্তৃপক্ষ। এরপর থেকে সংশ্লিষ্ট ইউনিটে উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। কারখানা কর্তৃপক্ষও এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।
এখন তদন্ত কমিটির অনুসন্ধানের মাধ্যমে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় উঠে আসবে এমনটি ধারণা সংশ্লিষ্টদের।
