Published : 22 Oct 2026, 06:09 PM
Updated : 22 Oct 2026, 06:20 PM
শেষ ওভারে জানিথ লিয়ানাগের লো ফুল টস স্কুপ করে ফাইন লেগ দিয়ে বাউন্ডারিতে পাঠালেন হ্যারি ব্রুক। ১৯৬ থেকে তিনি পৌঁছে গেলেন দুইশতে। ইংল্যান্ড অধিনায়কের নাম খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়।
ওয়ানডে ক্রিকেটে এই প্রথম ডাবল সেঞ্চুরির স্বাদ পেলেন ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যান। এই সংস্করণে দ্রুততম দ্বিশতকের রেকর্ডও এখন ব্রুকের। ত্রিদেশীয় সিরিজে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে তিনি দুইশ স্পর্শ করেন ১১৪ বলে।
আগের রেকর্ডটি ছিল শুবমান গিলের। গত মাসে গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১৭ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন ভারত অধিনায়ক।
২১ চার ও ১০ ছক্কায় ১১৬ বলে ২০২ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রুক। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল বেন স্টোকসের ১৮২, ওভালে ২০২৩ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে।
শুধু বাউন্ডারি (চার ও ছক্কা) থেকেই ব্রুকের রান ১৪৪, এটিও ইংল্যান্ডের রেকর্ড। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জস বাটলারের ১৫০ রানের ইনিংসে বাউন্ডারি থেকে এসেছিল আগের রেকর্ড ১২৪।
ব্রুকের শুরুটা ছিল মন্থর। প্রথম ২৪ বলে তার রান ছিল ১৩। রানের গতি বাড়িয়ে পরের ৫১ বলে পৌঁছে যান সেঞ্চুরিতে। সেখান থেকে দেড়শতে যেতে লাগে ২২ বল, পরের ১৭ বলে পা রাখেন দুইশতে। অর্থাৎ সেঞ্চুরি থেকে ডাবলে যেতে লাগে স্রেফ ৩৯ বল।
(বিস্তারিত আসছে)
