মাদারীপুরের শিবচরে নামাজ শেষে বাজারে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম (৬০) নামে উপজেলা বিএনপির এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছেন।
নিহত শহিদুল ইসলাম শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কলেজ মোড়সংলগ্ন একটি মসজিদে নামাজ আদায় শেষে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন শহিদুল ইসলাম। রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে শিবচর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি উদ্ধার করে। সড়কের পাশের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোটরসাইকেলের ধাক্কায় শহিদুল ইসলাম প্রায় ১০ মিটার দূরে ছিটকে পড়েন। এ সময় মোটরসাইকেল আরোহীও সড়কে পড়ে যান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, মোটরসাইকেলটির গতি খুব বেশি ছিল না। তবে ধাক্কায় শহিদুল ইসলাম বুকে ও মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শহিদুল ইসলামের মৃত্যুতে শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
