
সৌদি আরবকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলা, বাব আল-মান্দেব প্রণালিতে তাদের নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে দীর্ঘস্থায়ী অবরোধের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাবে গত শুক্রবার তেলের দুই প্রধান মানদণ্ড ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১১৬ দশমিক ৭২ ডলারে। আগের দিনের তুলনায় দাম বেড়েছে ৩ দশমিক ৫৫ ডলার বা ৩ দশমিক ১৪ শতাংশ।
একই দিনে ডব্লিউটিআইয়ের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১০৩ দশমিক ২৭ ডলারে। বৃহস্পতিবারের তুলনায় এর দাম বেড়েছে ৩ দশমিক ৮ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ।
বাজার বিশ্লেষকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গত ২৯ এপ্রিলের পর অপরিশোধিত তেলের দামে এমন উচ্চতা আর দেখা যায়নি। ওই সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক অভিযান এবং পাল্টাপাল্টি হামলা তীব্র আকার ধারণ করেছিল।
সাম্প্রতিক এক সপ্তাহের হিসাবেও তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এ সময়ে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম বেড়েছে ২ দশমিক ৩ শতাংশ।
সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ
গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবকে লক্ষ্য করে হুথিদের ধারাবাহিক হামলায় আঞ্চলিক জ্বালানি অবকাঠামোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব হামলার কারণে তেল সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কাও বাড়ছে।
এর পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতে তেল ছড়িয়ে পড়ার ঘটনাও বিশ্ব জ্বালানি বাজারের গুরুত্বপূর্ণ এ অঞ্চলে সরবরাহ ঝুঁকি নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ও দামে এর প্রভাব পড়তে পারে।
জ্বালানি খাতে উত্থান ওয়াল স্ট্রিটে
তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও। রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার ওয়াল স্ট্রিটের জ্বালানি খাতের সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। তবে একই দিন যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ার সূচকগুলো দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ করেছে।
অর্থসূচক/
The post ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে অপরিশোধিত তেল, বাড়ছে সরবরাহ ঝুঁকি appeared first on অর্থসূচক.
