টাঙ্গাইলের সখীপুরে প্রতিমা বিসর্জন দিয়ে ফেরার পথে বংশাই নদীতে পড়ে ২১ ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন বিজয় চন্দ্র কোচ (২০) নামের এক যুবক। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একজন ডুবুরি নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
নিখোঁজ বিজয় চন্দ্র কোচ সখীপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ধোপারচালা গ্রামের ফনিন্দ্র চন্দ্র কোচের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেল ৫টার দিকে পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার রতনগঞ্জ এলাকায় বংশাই নদীতে প্রতিমা বিসর্জন দিয়ে বিজয় চন্দ্রসহ প্রায় ৪০ জনের একটি দল ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন। স্থানীয়দের দাবি, নৌকার ছাদে উচ্চ স্বরে গান বাজিয়ে মদ্যপ অবস্থায় তাঁরা নাচানাচি করছিলেন।
নৌকাটি বংশাই নদীর দুলশিমুল এলাকায় পৌঁছালে বিজয় চন্দ্র হঠাৎ নদীতে পড়ে যান। এ সময় তিনি সাঁতরে তীরে ওঠার চেষ্টা করেন। তবে নদীর পাড়ের ঝোপঝাড়ের কাছে গিয়ে হঠাৎ পানিতে ডুবে যান তিনি। এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা জুবায়ের শিকদার জানান, ফায়ার সার্ভিস, থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা বুধবার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে টাঙ্গাইল থেকে আসা একজন ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। ডুবুরির সংখ্যা বাড়ানো হলে নিখোঁজ যুবককে খুঁজে পেতে সুবিধা হতো বলে তিনি মনে করেন।
সখীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার সবুজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এখানে ডুবুরি ইউনিট নেই। এ কারণে টাঙ্গাইল থেকে ডুবুরি এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। সখীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।’
