নাটোরের গুরুদাসপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও অগ্নিনির্বাপণবিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মাহাবুর রহমান।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য এবং স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, যেকোনো দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে পূর্বাভাস অনুসরণ, সতর্কতা অবলম্বন এবং সময়োপযোগী প্রস্তুতির বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে গুরুদাসপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল অগ্নিনির্বাপণবিষয়ক বিশেষ মহড়া প্রদর্শন করে। এতে জরুরি পরিস্থিতিতে রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুন দ্রুত নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপণের বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।
কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।
The post গুরুদাসপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত appeared first on ভোরের চেতনা.
