সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের ঐতিহ্য ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে প্রস্তুত চট্টগ্রাম। তাঁর আগমনকে ঘিরে নগরীর মানুষের মধ্যে প্রত্যাশা, উৎসাহ ও আন্তরিকতার ইতিবাচক আবহ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-সংক্রান্ত সংসদ সদস্য সাঈদ আল নোমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ কাট্টলী উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী উপলক্ষে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আবহমানকাল থেকেই তাঁর প্রাণের চট্টগ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বের উজ্জ্বল ঐতিহ্য ধারণ করে আসছে। ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের ভিন্নতা সত্ত্বেও এ অঞ্চলের মানুষ পারস্পরিক সহাবস্থান, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখেছেন।
তিনি বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা, নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য। উৎসবের আনন্দ, সামাজিক সম্প্রীতি এবং মানুষের পারস্পরিক ভালোবাসাই আমাদের সম্মিলিত শক্তি।
সাঈদ আল নোমান আরও বলেন, চট্টগ্রামের সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের মানুষ এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি স্বাধীনভাবে চর্চা করতে পারবেন এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা নিয়ে বসবাস করবেন।
উত্তর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা উদযাপন পরিষদের সভাপতি শিপন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুজন কুমার নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য আবুল হাশেম ও মোশাররফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, পূজা কমিটির সাংস্কৃতিক সম্পাদক নকুল চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
