কমলগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগা চা বাগানে অবস্থান ধর্মঘট পালন করেছেন হাজারো চা শ্রমিক। বুধবার সকাল ১০টা থেকে বাগানের ফ্যাক্টরির সামনে এ কর্মসূচি শুরু হয়।
সকাল থেকেই শ্রমিকেরা ফ্যাক্টরির সামনে জড়ো হতে থাকেন। পরে বাগানের কর্মরত শ্রমিকেরা একত্রিত হয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন।
কর্মসূচিতে চা শ্রমিক নেতারা বলেন, মালিকপক্ষের কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। পূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। দাবি পূরণ না করে তাঁরা কর্মসূচি থেকে ফিরে যাবেন না বলেও জানান।
এ সময় বক্তব্য দেন মিরতিংগা চা শ্রমিক সংগঠনের সভাপতি মন্টু অলমিক, লেবুলাল বাউরী লেমন, মানিক পাল, কাজল কুরমি, রিতা পাইনকা, শান্তি তাতি ও আলন্তি উরাং প্রমুখ।
এ বিষয়ে দেউন্ডি টি কোম্পানির মিরতিংগা চা বাগানের ব্যবস্থাপক মো. রেজাউল হায়াত খান ইমন বলেন, প্রতিবছর দুর্গাপূজার আগে শ্রমিকদের ৬০ শতাংশ বোনাস দিতে হয়। তবে এবার বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে যথাসময়ে ঋণ না পাওয়ায় ৩০ শতাংশ বোনাসের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, শ্রমিকদের বোনাস দেওয়ার জন্য তাঁরা সর্বাত্মক চেষ্টা করছেন। তবে শ্রমিকেরা ৬০ শতাংশ বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অনড় রয়েছেন।
