রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের অভিযোগকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। গত সোমবার প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দেওয়ার ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করেছে প্রশাসন। এ ঘটনার নিন্দা ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে ইউএনও কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতারা বলেন, প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত ও সাধারণ মানুষকে সেবা বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থার দাবি জানান।
এর আগে সোমবার সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা। ফলে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কাজ স্তব্ধ হয়ে পড়ে। পরে রাতে উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে মডেল থানায় সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে মামলা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, যুবদলের সদস্য ডালিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহসভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্যসচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরসালান এবং ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্যসচিব কাওসার, পৌর সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।