আজকাল ওয়েবডেস্ক: চোরবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ গেল বীরপুরের মা-ছেলে সহ এক পরিবারের তিনজনের। গত বৃহস্পতিবার থেকে কলকাতায় ঠাকুর দেখছিলেন। রবিবার বাড়ি ফেরার কথা ছিল। তার আগেই গ্রামে পৌঁছল ওই পরিবারের তিন সদস্যের মৃত্যুসংবাদ।
কলকাতার চোরাবাগানের পুজো মণ্ডপে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বীরপুর গ্রামের একই পরিবারের মা-ছেলে সহ তিনজনের। মৃতেরা হলেন টগর বেজ (৩৭), তাঁর ছেলে সন্দীপ বেজ (১৪) এবং পিয়ালী প্রামাণিক (২৫)। এই দুর্ঘটনায় জখম হয়েছেন টগর বেজের মেয়ে আগমনী বেজ। তিনি প্রথম বর্ষের কলেজ ছাত্রী। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে গত বৃহস্পতিবার থেকেই কলকাতায় ঠাকুর দেখছিলেন তাঁরা। টগর বেজের বাপের বাড়ি হুগলির বালিয়া গ্রামে। সেখানকার আত্মীয়দের সঙ্গে কলকাতায় ঠাকুর দেখতে গিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু উৎসবের আনন্দ যে এভাবে বিষাদে পরিণত হবে, তা কল্পনাও করতে পারেননি কেউ।
কথা ছিল, রবিবার বাড়ি ফিরবেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না। তার আগেই রাতে বীরপুর গ্রামে পৌঁছয় দুর্ঘটনার দুঃসংবাদ। একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রামে। কার্যত শোকস্তব্ধ হয়ে পড়েন গ্রামবাসীরা।
ঘটনার খবর পেয়ে মাধবডিহি থানার পুলিশকর্মীরা খোঁজখবর নিতে গ্রামে যান। দুর্ঘটনায় আহত আগমনী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের তিন সদস্যের মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে বীরপুর গ্রামজুড়ে।
পুজোর আনন্দ ভাগ করে নিতে কলকাতায় গিয়েছিলেন তাঁরা। পরিকল্পনা ছিল রবিবার বাড়ি ফিরে আপনজনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার। কিন্তু তার আগেই চোরাবাগানের মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল তিনটি প্রাণ। যে বাড়িতে ফেরার অপেক্ষা ছিল, সেই বাড়িতেই এখন শোকের ছায়া।
