খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলিবর্ষণ ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে নগরীর বাবুখান রোডে খুলনা থানাধীন এলাকায় এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত না হলেও ক্লিনিকের রোগী, স্বজন ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ৭-৮ জন দুর্বৃত্ত ক্লিনিকের সামনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পরে তারা ক্লিনিকের ভেতরে ঢুকে প্রফেসর ডা. মো. কুতুব উদ্দিন মল্লিকের চেম্বার ও রিসেপশন এলাকায় ভাঙচুর চালায়। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।
ক্লিনিকের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা রাস্তা থেকে সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হননি।
তিনি আরও জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
