রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সরদার বাসস্ট্যান্ডের পূর্ব পাশে ফজলুল করীম (রহ.) দাওরায়ে হাদিস মহিলা মাদ্রাসার সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সরদার বাসস্ট্যান্ড ও পাংশা কলেজ মোড়ের মাঝামাঝি এলাকার ওই পুকুরে ভেসে থাকা অবস্থায় নবজাতকের মরদেহটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক পুলিশে খবর দেন। খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। ঘটনার পরপরই পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পুকুর থেকে উদ্ধারের পর নবজাতকটির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া নবজাতকটির পরিচয় শনাক্তের কাজ চলছে।
ওসি আরও বলেন, এই ঘটনায় আপাতত থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সংবাদ: মরদেহ উদ্ধার
০২ অক্টোবর ২০২৬
০১ অক্টোবর ২০২৬
২৮ সেপ্টেম্বর ২০২৬
