মেকআপের বাক্সে ভর্তি দামি ব্রাশ। কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তার রোম শক্ত হয়ে যায়, আকার নষ্ট হয়ে যায় কিংবা একের পর এক রোম উঠে আসতে থাকে।
শুধু ব্রাশের মান নয়, কী ভাবে সেটি ব্যবহার ও পরিষ্কার করছেন, তার উপরেও নির্ভর করে ব্রাশের মেয়াদ।
দিনের পর দিন ফাউন্ডেশন, কনসিলার, পাউডার বা আইশ্যাডোর অবশিষ্টাংশ জমতে জমতে ক্ষয় পেতে থাকে ব্রাশ। তাই তার সঠিক যত্ন না নিলে ক্ষয় থেকে রক্ষা পাবেন না। তা ছাড়া অপরিষ্কার ব্রাশে ব্যাক্টেরিয়া জমে ত্বকেরও ক্ষতি করতে পারে। তার জন্য কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।
মেকআপ ব্রাশের যত্ন কীভাবে নেবেন?
ব্রাশ পরিষ্কারের পন্থা—
১. নিয়মিত পরিষ্কার করা: মেকআপ করার পর ব্রাশে প্রসাধনীর আস্তরণ জমে থাকে। বিশেষ করে ফাউন্ডেশন বা কনসিলারের মতো তরল ও ক্রিমজাতীয় প্রসাধনী ব্রাশে থেকে গেলে সেটি শক্ত হয়ে যেতে পারে। নিয়মিত পরিষ্কার না করলে ব্রাশের রোমও ধীরে ধীরে শক্ত ও আঠালো হয়ে যায়। ব্যক্তিগত ব্যবহারের ব্রাশ সাধারণত নিয়মিত পরিষ্কার করা উচিত। তরল বা ক্রিমজাতীয় প্রসাধনী ব্যবহারের ব্রাশ আরও ঘন ঘন পরিষ্কার করা প্রয়োজন।
২. ছোট ব্যাগে আঁটানো: আকারে ছোট পাউচে ব্রাশ যেমন তেমন করে ভরে ফেললেই হল না। এতে ঘষা লেগে রোমগুলি আলগা হযে যেতে পারে, আকার বদলে যেতে পারে। তাই এমন ব্যাগ বা পাউচ বেছে নিতে হবে, যাতে ব্রাশগুলি যথেষ্ট জায়গা পায়। ব্যাগে সোজা হয়ে থাকার জন্য যাতে যুদ্ধে না নামতে হয় ব্রাশগুলিকে।
৩. পানিতে ডোবানো: ব্রাশ ধোয়ার সময়ে একটি সাধারণ ভুলের জন্য বড় মাশুল গুনতে হতে পারে। তা হল, ব্রাশটি পানিতে ডুবিয়ে দেওয়া। বিশেষ করে রোমের সঙ্গে ধাতব অংশ যেখানে যুক্ত থাকে, সেই জায়গা দীর্ঘক্ষণ পানিতে ভিজলে ভিতরের আঠা নরম হয়ে যেতে পারে। ফলে ধীরে ধীরে ব্রাশের রোম খুলে আসতে পারে। ব্রাশ পরিষ্কার করার সময়ে তাই রোমের দিকটি নীচের দিকে রেখে পানি ব্যবহার করা ভাল। নজর রাখবেন, যাতে পানি তার উপরের অংশটি স্পর্শ না করতে পারে।
৪. জোরে ঘষা: ময়লা দ্রুত তুলতে গিয়ে অনেকে ব্রাশের রোম হাতের মধ্যে জোরে ঘষেন বা নিঙড়ে জল বার করেন। কেউ আবার টেবিলের কোনায় ঘষে ঘষে ময়লা তোলেন। এতে লোমের স্বাভাবিক আকৃতি নষ্ট হতে পারে এবং দ্রুত ঝরে পড়তে পারে। বরং পরিষ্কার করার সময়ে আলতো করে ঘুরিয়ে প্রসাধনীর অবশিষ্টাংশ বার করে নিয়ে ভাল ভাবে ধুয়ে নেওয়া উচিত। তার পর হাত দিয়ে ধীরে ধীরে লোমগুলি আগের আকারে ফিরিয়ে দিতে হবে।
৫. শুকোনোর পন্থা: ব্রাশ ধোয়ার পর তাড়াহুড়ো করে ভেজা অবস্থাতেই আবার মেকআপের জন্য ব্যবহার করা ঠিক নয়। পুরোপুরি শুকিয়ে না গেলে ব্রাশ শক্ত হয়ে যেতে পারে এবং তার মধ্যে ভিজে ভাব আটকে থাকলে জীবাণু বৃদ্ধির সম্ভাবনাও বাড়ে। ব্রাশ ধোয়ার পর পরিষ্কার তোয়ালের উপর সমতল করে বা এমন ভাবে রাখতে হবে, যাতে রোমের নীচের অংশে জল না যায়। সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরেই আবার ব্যবহার করা ভালো।
