রাজশাহী পৌঁছেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে সরকারি প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা মঞ্চে বসে তিনি ল্যাপটপের বাটন চেপে কৃষকদের এই প্রণোদনা দেন। কৃষকদের ব্যাংক হিসাবে এই টাকা পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে কৃষকেরা মোবাইলে এসএমএস পান।
জনসভার প্রথম পর্বে প্রধানমন্ত্রী কৃষকদের এই প্রণোদনা দেন। তিনি বলেন, ৩৮ হাজার ৯৭০ জন কৃষককে ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা প্রণোদনা দেওয়া হলো। পরে তিনি ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে প্রতীকি চেক তুলে দেন।
পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য শুরু করেন।
রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ল্যাপটপ থেকে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও অফিস
এর আগে বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে অবতরণ করে। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেন।
এ দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে রংপুরে যান। পরে রংপুর থেকে রাজশাহী আসেন। রাজশাহী থেকে আজ বিকেলেই তিনি চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের জে এম সেন হল রহমতগঞ্জ পূজামণ্ডপ পরিদর্শনের শেষে রাতেই ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
