গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকায় নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে সিদ্দিকুর রহমান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির একটি গাড়ি রেলপথ পার হওয়ার সময় সিদ্দিকুর রহমান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পূর্বপাড়ার কাঁটার পোল এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রনেতা ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
