পঞ্চগড় জেলা কারাগারে দায়িত্ব পালনকালে ৫৭টি ভুয়া বিল অনুমোদনের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক জেলার মো. আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তদন্তে তার বিরুদ্ধে ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
রোববার (১১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী।
প্রজ্ঞাপন অনুযায়ী, আব্দুল ফাত্তাহ ২০২৩ সালের ১৭ জানুয়ারি থেকে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত পঞ্চগড় জেলা কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে কারাগারের খোরাকি রেশন খাতে সরকারি অর্থ তছরূপ ও অনিয়মের তথ্য উঠে আসে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আর্থিক বিভাগের নিরীক্ষা প্রতিবেদনে।
নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে কারা অধিদপ্তর তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি সরেজমিন তদন্ত শেষে প্রতিবেদন জমা দেয়। সেখানে বলা হয়, ২০২৩-২০২৪ ও ২০২৪-২০২৫ অর্থবছরে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে ৫৭টি ভুয়া বিল অনুমোদন করে মোট ১ কোটি ৩৩ লাখ ২০ হাজার টাকা আত্মসাতের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা প্রতিষ্ঠান তিনটি হলো-বাবা মায়ের দোয়া, নূর স্টোর ও শুভ স-মিল।
এসব অনিয়মের দায়ে আব্দুল ফাত্তাহকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বিআলো/শিলি