খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের রেশনের ১৬ বস্তা চাল ও গম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে মজুত রাখার দায়ে ‘হুমায়ুন স্টোরের’ স্বত্বাধিকারী নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বড়নাল ইউনিয়নের ডাকবাংলা বাজারের ব্যবসায়ী নুর হাসানের দোকানে সরকারি সিলযুক্ত খাদ্যসামগ্রী মজুত রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৬ বস্তা চাল ও গম উদ্ধার ও জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু। বস্তাগুলোর মধ্যে ৩০ কেজি ওজনের চাল এবং ৫০ কেজি ওজনের গম ছিল।
পরে জব্দ করা চাল ও গম তবলছড়ি খাদ্যগুদামের কর্মকর্তা আব্দুর রহিম মিজির জিম্মায় ওই খাদ্যগুদামে পাঠানো হয়। অভিযান পরিচালনাকালে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন-২০২৩-এর ৬ ধারায় সরকারি সিলযুক্ত বস্তাসহ ১৬ বস্তা চাল ও গম জব্দ করা হয়েছে। পাশাপাশি নুর হাসানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার মনিটরিং ও সরকারি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এমএ
