স্টাফ রিপোর্টার : সিলেট রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে গাড়ি পার্কিং এলাকার আইল্যান্ড থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দক্ষিণ সুরমা থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাঁর আনুমানিক বয়স ৩৫ বছর। তবে এখনো তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ জানায়, সকালে আইল্যান্ডের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এসময় মরদেহের কাছে কোনো কাগজপত্র বা জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
