সুরছায়ার ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা গানটির কোরাস ও সরগম অংশে কণ্ঠ দিয়েছেন। ছবি : সংগৃহীত
-->দুর্গাপূজার উৎসবমুখর সময়ে প্রকাশ পেতে যাচ্ছে বাংলাদেশের দুই গুণী সঙ্গীতশিল্পী সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের নতুন দ্বৈত গান ‘মায়াবী জ্যোৎস্না রাতে’। তাঁদের সঙ্গে গানটির বিশেষ অনুষঙ্গ হয়ে যুক্ত হয়েছে সমরজিৎ রায় পরিচালিত সঙ্গীত প্রতিষ্ঠান সুরছায়া।
সুরছায়ার ছয় শিক্ষার্থী মৌসুমী, ঐশী, প্রতিমা, অর্ণি, অর্চিশা ও মিতা গানটির কোরাস ও সরগম অংশে কণ্ঠ দিয়েছেন। দুই শিল্পীর কণ্ঠের সঙ্গে তাঁদের সম্মিলিত পরিবেশনা রোমান্টিক গানটির সুরের পরিসরকে করেছে আরও প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। সঞ্জয় রায়ের কথায় গানটির সুর, সঙ্গীতায়োজন ও সঙ্গীত পরিচালনা করেছেন সমরজিৎ রায়।
সমরজিৎ রায় ও প্রিয়াংকা গোপের কণ্ঠের রসায়ন এই রোমান্টিক দ্বৈত গানে ফুটে উঠেছে বরাবরের মতোই স্নিগ্ধ ও শ্রুতিমধুর হয়ে। দুজনের অসাধারণ গায়কীর সঙ্গে সুরছায়ার শিক্ষার্থীদের সম্মিলিত কণ্ঠের সংযোজন গানটিকে দিয়েছে নিজস্ব এক সৌন্দর্য ও ভিন্ন মাত্রা।
আরও পড়ুন
সমরজিৎ রায় বলেন, 'সুরছায়ার শিক্ষার্থীরা খুব যত্ন নিয়ে কোরাস ও সরগমের অংশগুলো গেয়েছে। একজন শিক্ষক হিসেবে নিজের শিক্ষার্থীদের একটি মৌলিক ও পেশাদার সঙ্গীত প্রযোজনায় যুক্ত করতে পারাটা আমার জন্য বিশেষ আনন্দের। প্রিয়াংকা বরাবরের মতোই অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি শ্রোতাদের অনেক ভালো লাগবে বলে আমরা আশাবাদী।'
আগামী ১৪ অক্টোবর গানটি আইটিউনস, স্পটিফাইসহ আন্তর্জাতিক বিভিন্ন অনলাইন মিউজিক প্ল্যাটফর্মে প্রকাশিত হবে। একই দিনে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
