ফিফা সভাপতি হিসেবে জিয়ানি ইনফান্তিনোকে আরও একটি মেয়াদের জন্য সমর্থন জানাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। শুক্রবার (২৩ অক্টোবর) টোকিওতে এএফসির অসাধারণ কংগ্রেসে এ কথা জানান সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খলিফা। আগামী বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা নির্বাচনে ইনফান্তিনোর চতুর্থ মেয়াদের জয় সুনিশ্চিত করতে এশিয়ার ৪৭টি সদস্য দেশের সিংহভাগ ভোট বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
অনুষ্ঠানে জিয়ানি ইনফান্তিনোকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে শেখ সালমান বলেন, ফিফা সভাপতি হিসেবে আপনার নতুন মেয়াদের যাত্রায় এশিয়ান পরিবার আপনাকে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।
এর আগে ব্যক্তিগত বিনিয়োগকারীদের কাছে ফিফা ইভেন্টের শেয়ার বিক্রির ৪২০ কোটি ডলারের একটি বাতিল হওয়া পরিকল্পনা নিয়ে দুই মাস আগেই ইনফান্তিনোর ওপর অনাস্থা প্রকাশ করেছিল এএফসি। তবে সম্প্রতি জুরিখে ফিফার গভর্নিং কাউন্সিলের কাছে নিজের ভুলের জন্য ইনফান্তিনো ক্ষমা চাওয়ায় পুরানো মতপার্থক্য ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শেখ সালমান।
ইনফান্তিনোর বিশ্বব্যাপী নির্বাচনি প্রচারণার প্রশংসা করে শেখ সালমান রসিকতা করে বলেন, তিনি হয়তো নিজের কোনো ‘ক্লোন’ তৈরি করেছেন।
পরবর্তীতে ডায়াসে উঠে ইনফান্তিনো নিজের কিছু ভুলের কথা স্বীকার করে বলেন, কাজের ক্ষেত্রে ভুল হওয়া স্বাভাবিক, তবে তা থেকে শিক্ষা নিয়ে ক্ষমা চেয়ে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়াই মূল কথা।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি এশীয় দেশগুলোর অর্থনৈতিক অনুদান বাড়ানোর কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, তার দায়িত্ব নেওয়ার আগে চার বছরে যে অনুদান ছিল মাত্র ১০ লাখ ডলার, আগামী বছরের জানুয়ারি থেকে সদস্য দেশগুলো পাবে ২৫ মিলিয়ন ডলার।
