ফুটবল খেলাকে কেন্দ্র করে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে দুই গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওসিসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তাজপুর বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে তাজপুর বাজারে ইন্ডোর ফুটবল খেলাকে কেন্দ্র করে খাদিমপুর ও চান্দপুর গ্রামের লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে সালিশের উদ্যোগ নেওয়া হলেও সিদ্ধান্ত না মানায় একপর্যায়ে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রথমে অল্পসংখ্যক লোকজনের মধ্যে মারামারি শুরু হলেও পরে উভয় পক্ষের শত শত মানুষ এতে জড়িয়ে পড়েন। এ সময় লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল ব্যবহার করা হয়। সংঘর্ষ চলাকালে অনেকে মোবাইল ফোনের আলো জ্বালিয়ে অবস্থান নেন।
এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সিলেট-ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত কয়েকজনকে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা কালবেলাকে বলেন, তাজপুর বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আমিও আহত হয়েছি। তবে সংঘর্ষের পর বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
