প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মতো সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আলোচনায় মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। শাড়ি, মাথায় ঘোমটা আর গলায় মুক্তার মালা; তাঁর এই বিশেষ লুক নজর কেড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের।
সম্প্রতি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মেঘনা আলম। গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আসনটি শূন্য হয় ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর।
এরপর ১৯ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মেঘনা। সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে খালেদা জিয়ার পরিচিত সাজের আদলে শাড়ি, ঘোমটা ও মুক্তার মালায় দেখা যায় তাঁকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে নিজের অনুভূতিও জানিয়েছেন মেঘনা। তিনি লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত এবং তাঁর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন তিনি।
খালেদা জিয়ার সাজে তাঁকে দেখে এক নেটিজেন প্রশ্ন করেন, বিষয়টি দেখে প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া কেমন ছিল? জবাবে মেঘনা জানান, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাঁর ভাষ্য, সাজটি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; তিনি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলেন।
তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি মেঘনা আলম। তাঁর এই সাক্ষাৎ ও বিশেষ সাজ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।
