বাংলাদেশের সাংস্কৃতিক চর্চার ধারাবাহিকতা কোনো শক্তিই নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় লালনের তিরোধান দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘কালচার ফর ইউনিটি’ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, পতিত আওয়ামী লীগ সরকার অতীতে স্বাধীনতার কথা বললেও নীরবে ভারতের দাসত্ব করেছে এবং দেশটির এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আওয়ামী লীগকে ব্যবহার করে ভারত বাংলাদেশে সাংস্কৃতিক আগ্রাসন চালিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
রিজভী বলেন, দেশের ভেতরের কিংবা বাইরের কোনো শক্তিই বাংলাদেশকে আর সাংস্কৃতিক বিভাজনের দিকে নিয়ে যেতে পারবে না।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লালনের চেতনা ও দর্শন তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারলে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। লালনের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চর্চা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তারা মত দেন।
