মাগুরায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৪ হাজার পিস ইয়াবা, নগদ ৬ লাখ টাকা, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, একটি ওয়াকিটকি ও একটি স্টিলের লকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) নামে এক ব্যক্তি পালিয়ে গেছেন।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে মাগুরা সদর উপজেলার কুকনা এশিয়া মহিলা কলেজ এলাকার পুরোনো হোস্টেলের পেছনে একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ী গ্রামের সম্পা দাস (৩২) ও পূর্ণিমা রানী বিশ্বাস (৫৫)। সম্পা দাসের কোলে তিন মাস বয়সী একটি শিশুকন্যা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি স্টিলের লকার থেকে ২০টি নীল জিপার পলিতে রাখা ৪ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার সম্পা দাসকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে বাসার সামনে থেকে একটি প্রাইভেটকার ও নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া সেখান থেকে একটি ওয়াকিটকিও জব্দ করা হয়েছে।
নির্ভরযোগ্য একটি সূত্রের দাবি, চক্রটি দীর্ঘদিন ধরে পুলিশ পরিচয়ে মাদক পরিবহন করে আসছিল। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন (পিপিএম) জানান, গ্রেপ্তারকৃত দুই নারীকে জিজ্ঞাসাবাদে সংঘবদ্ধ মাদক কারবারি দলের সদস্য বলে জানিয়েছেন। তারা পলাতক দীপ্ত কুমার বিশ্বাসের সঙ্গে দীর্ঘদিন ধরে গোপনে মাদক কারবারি করে আসছিলেন।এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তাছিন জামান/এসএইচএ
