
মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন বিল্লাল সভাপতি, মেহেদী সাধারণ সম্পাদক
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় সংসদ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত নতুন কমিটিতে মোবারক হোসেন বিল্লালকে সভাপতি, নুর মোহাম্মদ মেহেদীকে সাধারণ সম্পাদক এবং সাবমির মাহমুদ শামীমকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া নাদিম মাহমুদকে সিনিয়র সহ-সভাপতি ও নজরুল ইসলাম সুজনকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়লে মনোহরগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ছাত্রসমাজকে সংগঠিত করার ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখেন, এখন সেদিকেই নজর স্থানীয় নেতাকর্মীদের।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
