শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথমবারের মতো ভারত সফরে যাচ্ছে চট্টগ্রামের সনাতনী ব্যান্ড টিম বৃষ্টি। ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি জেলার মাধবপুর নব দুর্গাপূজা কমিটির আমন্ত্রণে তাদের এই সফর। আগামী ২১ অক্টোবর ভারতের উদ্দেশে রওনা দেবে দলটি। সেখানে একাধিক মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাদের। আগামী ২৮ অক্টোবর দেশে ফেরার কথা টিম বৃষ্টির সদস্যদের।
ধর্মীয় সংগীত, দেশজ সুর ও আধুনিক গানের সমন্বয়ে ব্যান্ডটির পরিবেশনা ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। ভারত সফরেও আধুনিক ধর্মীয় গানের পাশাপাশি সমসাময়িক ফোক ঘরানার ফিউশন সংগীত পরিবেশন করবে তারা। এসব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করবে বলে আশাবাদী ব্যান্ডটির।
প্রথমবারের মতো ভারতের মঞ্চে গান পরিবেশনের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত টিম বৃষ্টির সদস্যরা। এ প্রসঙ্গে ব্যান্ডটির ম্যানেজার অমিত সাহা বলেন, “প্রথমবারের মতো ভারতের মঞ্চে পারফর্ম করার সুযোগ পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। এটি আমাদের জন্য একটি বিশেষ অর্জন। আমরা চাই, আমাদের সংগীত ও সংস্কৃতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষের কাছে পৌঁছে যাক। দুই বাংলার মানুষের ভালোবাসা ও আশীর্বাদ নিয়েই আমরা মঞ্চে উঠব। ভবিষ্যতেও দেশ-বিদেশের বড় বড় মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখি। দর্শকদের ভালোবাসা পেলে আমাদের সেই স্বপ্ন পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি।”
টিম বৃষ্টির যাত্রা শুরু করোনাকালে। চট্টগ্রামের পটিয়ার মেয়ে বৃষ্টি দে-কে কেন্দ্র করে সমবয়সি কয়েকজনের গানের আড্ডা থেকেই গড়ে ওঠে দলটি। সময়ের সঙ্গে সেই আড্ডা রূপ নেয় নিয়মিত সংগীতচর্চা ও মঞ্চ পরিবেশনায়। ধীরে ধীরে পরিচিতি পেতে শুরু করে ব্যান্ডটি।
নিজেদের সংগীতচর্চাকে আরো বিস্তৃত করতে সদস্যরা গড়ে তুলেছেন ‘টিম বৃষ্টি স্কুল অব মিউজিক’ নামে একটি গানের স্কুল। পাশাপাশি ‘উর্বশী গানের সিঁড়ি’ ও ‘টিম বৃষ্টি’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে ব্যান্ডটির বেশ কয়েকটি গান। এর মধ্যে রয়েছে ‘মুখে বেশি কথা কইও না’, ‘কত আপন’, ‘নিজেরে বাসিও ভালো’ ও ‘মেঘ পাহাড়ে’।
নিজেদের পথচলার গল্প জানিয়ে ব্যান্ডটির ভোকাল বৃষ্টি দে বলেন, “আমি চট্টগ্রামের পটিয়ার মেয়ে। আমাদের গানের শুরু করোনার সময়। তখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ঠিক সেই সময় সমবয়সি ভাইদের সঙ্গে আড্ডা জমে ওঠে। সেই আড্ডার মূল বিষয় ছিল গান। গানের আড্ডা থেকেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে গান গাওয়া শুরু করি। তখন থেকেই ব্যান্ডের নাম আশপাশে ছড়িয়ে পড়ে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি, শুধু সামনের দিকে এগিয়ে চলা। গানকে আরো বিস্তৃত করার জন্য আমরা সবাই মিলে টিম বৃষ্টি স্কুল অব মিউজিক গড়ে তুলি। এভাবেই আমাদের সংগীতচর্চা অব্যাহত রেখেছি।”
টিম বৃষ্টির বর্তমান লাইনআপে রয়েছেন—বৃষ্টি দে (ভোকাল), আকাশ দে (উকুলেলে), বাদশা (বাংলা ঢোল), অমিত সাহা (অক্টোপ্যাড), সুমন দাস (কিবোর্ড), ছোটন ঘোষ (বাঁশি) ও তন্ময় দত্ত (বেজ গিটার)।
