প্রকাশ: রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম আপডেট: ১১.১০.২০২৬ ৮:১২ পিএম
অবরোধের পর রাঙামাটি জেলা প্রশাসনের সিদ্ধান্ত, ১৩ অক্টোবর বিকেল পাচ টার মধ্যে সাজেক ছাড়তে হবে পর্যটকদের
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ছয় টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। একই সঙ্গে সাজেকে অবস্থানরত পর্যটকদের মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাচ টার মধ্যে পর্যটন এলাকা ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যা ছয় টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। বর্তমানে সেখানে অবস্থানরত পর্যটকদের নির্ধারিত সময়ের মধ্যে সাজেক ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে রোববার সকাল ছয় টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সমর্থনে সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন সংগঠন দুটির কর্মী-সমর্থকেরা। এ সময় যান চলাচলে বাধা সৃষ্টি হয়।
পরে রোববার সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করে নেয় সংগঠন দুটি। তবে অবরোধ প্রত্যাহারের পরও পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় জেলা প্রশাসন।
