চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহসভাপতি ও কোষাধ্যক্ষ, দৈনিক আজাদীর সাবেক সিনিয়র সহসম্পাদক সুলতান আহমেদ আশরাফীর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় নগরের দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাংবাদিক নেতারা।
শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে), চট্টগ্রাম প্রেসক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন বিএফইউজের সহসভাপতি শহীদ উল-আলম, সিইউজের জ্যেষ্ঠ সহসভাপতি স. ম. ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজের সাধারণ সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, সহযোগী সম্পাদক রাশেদ রউফ, জ্যেষ্ঠ সাংবাদিক নিযাম উদ্দিন ও সাইফুদ্দিন খালেদ এবং পত্রিকাটির সহসম্পাদক রেজাউল করিম।
রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতান আহমেদ আশরাফী। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। কয়েক দিন আগে হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সোমবার জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সুলতান আহমেদ আশরাফী তিন দশকের বেশি সময় দৈনিক আজাদীতে সাংবাদিকতা করেছেন। পত্রিকাটিতে তিনি জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, সুলতান আহমেদ আশরাফীর মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গনে একজন অভিজ্ঞ ও গুণী সাংবাদিকের শূন্যতা সৃষ্টি হয়েছে। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
The post সুলতান আশরাফীর জানাজা, শ্রদ্ধা জানাল সিইউজে-প্রেসক্লাব appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
