ছবির ক্যাপশন: .
আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। শুধু ভালো ফলাফল বা সনদ অর্জনের মধ্যেই প্রকৃত শিক্ষা সীমাবদ্ধ নয়; অর্জিত জ্ঞান যখন মানুষ ও দেশের কল্যাণে ব্যবহৃত হয়, তখনই একজন সত্যিকারের শিক্ষিত মানুষ হিসেবে পরিচিতি পায়।
আজ শনিবার (২০ জুন) সকালে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ মাঠে এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। অতীতে পাশের হার বাড়ানোর প্রতিযোগিতায় শিক্ষার গুণগত মান উপেক্ষিত হয়েছে। মেধার যথাযথ মূল্যায়ন না হওয়ায় দেশের শিক্ষা সনদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাও প্রশ্নের মুখে পড়েছে বলে তিনি মন্তব্য করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, জীবনে বড় হতে হলে শুধু সার্টিফিকেট অর্জন করলেই হবে না, জ্ঞান, নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জন করতে হবে। তিনি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর-এর উদাহরণ টেনে বলেন, বড় ডিগ্রি ছাড়াও জ্ঞান ও সৃষ্টিশীলতার মাধ্যমে মানুষ বিশ্বজুড়ে সম্মান অর্জন করতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী বলেন, নারীদের শুধু পরিবার নয়, রাষ্ট্র ও সমাজ পরিচালনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। নারী শিক্ষার বিস্তার ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শক্তিশালী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীদের জন্য মিডডে মিল প্রকল্প এবং মেয়েদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ চালু করা হয়েছে। ভবিষ্যতে শিক্ষা কারিকুলামে ইংরেজির পাশাপাশি আরও একটি বিদেশি ভাষা অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজকে সরকারি করার দাবি জানান শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ। এ সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেদ আলী বাবু, বিশেষ সদস্য নাজিম মাস্টার, আগানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আরসাদ রহমান সপুসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
