শিক্ষার্থীর আচরণ সংশোধন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চট্টগ্রামের রাউজানের এক শিক্ষক। চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে নবম শ্রেণির এক ছাত্রকে শাসন করেছিলেন সুচরিত চৌধুরী। এ সময় চুল কাটার নির্দেশ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওই ছাত্র কলম দিয়ে তাঁকে একাধিক আঘাত করে। এতে রক্তাক্ত হন শিক্ষক।
মঙ্গলবার বেলা তিনটার দিকে রাউজানের আরআরএসি সরকারি উচ্চবিদ্যালয়ে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বার্ষিক পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। আহত সুচরিত চৌধুরী বিদ্যালয়টির কারিগরি শাখার মেকানিক্যাল বিভাগের শিক্ষক। ঘটনার পর সহকর্মীরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।চিকিৎসকেরা তাঁর মাথার এক পাশে সেলাই দিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মদ জানান, অভিযুক্ত শিক্ষার্থী বেশ কিছুদিন ধরেই নিয়মিত ক্লাসে আসত না। বিদ্যালয়ে দেরিতে পৌঁছানোর পাশাপাশি পরীক্ষার সময়ও সময়ানুবর্তিতা বজায় রাখত না। মঙ্গলবার কারিগরি বিভাগের পরীক্ষা চলাকালে চুল লম্বা রাখা নিয়ে শিক্ষক তাকে শাসন করেন। এরপরই শিক্ষার্থীটি ক্ষুব্ধ হয়ে তাঁর ওপর হামলা চালায়।
প্রধান শিক্ষক বলেন, ওই শিক্ষার্থীর আচরণে বেশ কিছুদিন ধরে উগ্রতার লক্ষণ দেখা যাচ্ছিল। ঘটনার পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধান শিক্ষক আরও জানান, হামলার ঘটনার পর ওই শিক্ষার্থী অন্যদেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পেয়েছেন তিনি। তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে বিদ্যালয় কর্তৃপক্ষ।
The post চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল নবম শ্রেণির ছাত্র appeared first on Mohona Tv.